ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ দিনের বিশেষ ফজিলত অর্জনের জন্য নামাজ আদায়ের পাশাপাশি কিছু আমল করার নির্দেশনা রয়েছে। একইভাবে জুমার আদব রক্ষা, অন্য মুসল্লিদের অধিকার বজায় রাখা এবং ইবাদতে মনোযোগী থাকার জন্য কিছু কাজ থেকে বিরত থাকাও জরুরি। জুমার দিনের গুরুত্ব ও পবিত্রতা বজায় রাখতে যেসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, সেগুলো তুলে ধরা হলো।
-
- জুমার দিনে সূর্য হেলে যাওয়ার পর এমন ব্যক্তির জন্য সফরে বের না হওয়া, যার ওপর জুমা ওয়াজিব।
- খুতবার সময় খতিবের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনা আবশ্যক। খুতবার সময় অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। হজরত রাসুলুল্লাহ (সা.) খুতবার সময় চুপ থাকার গুরুত্বারোপ করতে গিয়ে কেউ কথা বললে তাকে ‘চুপ কর’ বলতেও নিষেধ করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, জুমার দিন খুতবার সময় যদি তুমি তোমার সঙ্গীকে বলো, চুপ কর, তাহলেও তুমি অনর্থক কথা বললে। সহিহ মুসলিম : ৮৫১
- জুমার রাতে দীর্ঘ রাত পর্যন্ত গল্প-গুজব না করা। দেরি করে ঘুমাতে না যাওয়া। কারণ, ফজরের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন করে নামাজ না পড়া কবিরা গোনাহ। নবী কারিম (সা.) বলেন, আল্লাহর নিকট উত্তম নামাজ জুমার দিনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা।
- খুতবা চলাকালীন কোনো নামাজ, সেজদা আদায় ও কোরআন তেলাওয়াত করা নিষেধ। দুনিয়াবি কথা বলার তো প্রশ্নই আসে না। কেউ যদি খুতবা শুরু হওয়ার আগে সুন্নত পড়তে থাকে তাহলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেওয়া। তবে তৃতীয় রাকাত শুরু করলে, চার রাকাত পূর্ণ করে নেওয়া।
- খতিব খুতবা শুরু করে দিলে অহেতুক উঠবস করা শিষ্টাচারবহির্ভূত।
- জুমার প্রথম আজানের পর ক্রয়-বিক্রয় অথবা অন্য কোনো কাজে লিপ্ত হওয়া মাকরুহে তাহরিমি। জামাত দাঁড়ানোর আগে মসজিদের ভেতরে বা দরজার সামনে কেনাবেচা করা কঠোর গোনাহ।
- কাতার ডিঙিয়ে সামনে না যাওয়। জুমার দিন ইমামের কাছাকাছি বসার আগ্রহ ও চেষ্টা থাকা উচিত। এর জন্য আগে আগে মসজিদে চলে আসতে হবে। মসজিদে পরে উপস্থিত হয়ে অন্য মুসল্লিদের ডিঙিয়ে কষ্ট দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা গোনাহের কাজ। খুতবা চলা অবস্থায় কেউ যদি কাতার ডিঙিয়ে সামনে যেতে চায়, তাহলে তাকে যেতে না দিয়ে বসিয়ে দিতে হবে। একবার হজরত রাসুলুল্লাহ (সা.) খুতবা দিচ্ছিলেন। তার চোখে পড়ল এক ব্যক্তি মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। তিনি তাকে বললেন, ‘ইজলিস’ তুমি বসে যাও! তুমি মানুষকে কষ্টও দিচ্ছ। সুনানে আবু দাউদ : ১১১৮

